দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ– বিডা এ বৈঠক আয়োজন করে। সেখানে ব্যবসায়ীরা বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, জ্বালানি সংকট, শিল্পখাতের সমস্যা ও করনীতিসহ নানা বিষয়ে আলোচনা হয়। হাসান শিপলু বলেন, ব্যবসায়ৗ নেতারা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাদের পরামর্শ তুলে ধরেন। খবর বিডিনিউজের।
বৈঠকে এ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ডিবিএল গ্রুপের এমডি এম এ জাব্বার উপস্থিত ছিলেন। ইনসেপ্টা গ্রুপ, র্য্যংকস গ্রুপ, ডিবিএল গ্রুপ, প্যাসিফিক জিন্স গ্রুপ, এসিআই, বে ফুটওয়্যার, রানার গ্রুপ, ওয়াল্টন গ্রুপ, যমুনা গ্রুপসহ বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও ছিলেন বৈঠেকে।
বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বরাতে তার উপদেষ্টা মাহদী আমিন বলেন, আমদানি–রপ্তানি আরো গতিশীল ও বেগবান করতে দেশের বন্দরগুলোতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা শিগগিরই কার্যকর হবে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, তবে আমরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।












