আনোয়ারায় নির্মাণাধীন একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির প্রবাসী মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটি দীর্ঘদিন ধরে পশ্চিমচাল এলাকার ছৈয়দনুরের মালিকানাধীন গুলবাহার আবাসিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে আবিরের মা নিলা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ঘরের দরজা খোলা থাকায় খেলতে খেলতে আবির বাইরে বেরিয়ে বারান্দায় চলে যায়। বারান্দায় রেলিং না থাকায় একপর্যায়ে সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে আবিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে জানতে পারি, শিশুটি মায়ের অগোচরে বারান্দা দিয়ে নিচে পড়ে গিয়ে মারা যায়।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির চতুর্থ তলার বারান্দায় এখনো নিরাপত্তা রেলিং স্থাপন করা হয়নি। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন। স্থানীয়রা আরও জানান, প্রায় দুই মাস আগেও একই ভবন থেকে আরেক শিশু পড়ে গুরুতর আহত হয়েছিল। ওই ঘটনার পরও ভবন মালিক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।












