সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি

রাঙ্গুনিয়ায় কঠিন চীবর দানোৎসবে শামীম

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার সমান থাকবে। কোনো ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায় বিএনপি।

তিনি গতকাল শনিবার রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের সুখবিলাস বাটাপাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৌদ্ধ সমপ্রদায়ের বিভিন্ন দাবি–দাওয়ার বিষয়ে শামীম বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা হয়। বৌদ্ধ ও খ্রিষ্টান সমপ্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করতে চাই। বৌদ্ধ সমপ্রদায়ের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব। বিশেষ করে বিহারের শৌচাগার নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

সভাপতিত্ব করেন অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথের। উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দীন, সুখবিলাস উচ্চবিদ্যালয়ের সভাপতি জহির উদ্দীন বাবর, পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমান উল্লাহ আমান, বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের, অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুল করিম, সংঘবোধি মহাথের, আলোকপঞা থের, বাবলু বড়ুয়া, সৈকত বড়ুয়া উত্তম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধজাতির আত্মপরিচয় ও আদর্শিক ভিত্তি নির্মাণে ইতিহাসের ভূমিকা অপরিসীম