সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পূর্ববিরোধের জেরে পাঁচ বছর বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার দায়ে অভিযুক্ত ইতালী প্রবাসী মো. জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার টু কমলা রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাদী মো. আবু তাহেরের পাঁচ বছর বয়সী শিশু সন্তান আলী হোসেন স্থানীয় একটি মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে পূর্ববিরোধের জেরে অভিযুক্ত ইতালী প্রবাসী মো. জাহাঙ্গীর আলম শিশুটিকে পূর্বপরিকল্পিতভাবে মাথায় তুলে পাকা রাস্তার ওপর আছাড় মারেন। এতে শিশুটির দুই কান, নাক ও মাথার পেছনের অংশ দিয়ে রক্তক্ষরণ হয়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আলী হোসেন মারা যায়।

এই ঘটনায় শিশুর বাবা মো. আবু তাহের বাদী হয়ে সন্দ্বীপ থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হলে আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধজেলিফিশ ক্লাউড
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়ক দিবসে সচেতনতামূলক কর্মসূচি