তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি নির্মিত নাটকটির পঞ্চম সিজন চলমান। তবে এবার এই ধারাবাহিকের ভক্তদের জন্য এলো শেষ হওয়ার খবর। এ মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৭তম চ্যাপ্টার দিয়েই শেষ হবে পঞ্চম সিজন। শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক। খবর বাংলানিউজের।
অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’ তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কবে মুক্তি পাবে, তা এখনো জানাননি নির্মাতা। এদিকে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কাজল আরেফিন অমি। দাঁত ও গলার সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি কয়েক দিন কথাও বলতে পারেননি।











