‘‘একা হতে হতে আমি একটি নগর ছাড়িয়ে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ি।’’
কবিতা ও কথাসাহিত্যের জগতে কিছু মানুষ থাকেন, যাঁরা চারপাশের পৃথিবীকে কেবল চোখ দিয়ে দেখেন না, দেখেন হৃদয় দিয়েও। তাঁদের কাছে ভ্রমণ নিছক স্থানান্তর নয়, বরং আত্ম–অনুসন্ধান, স্মৃতির পুনরাবিষ্কার এবং জীবনের বিচিত্র অনুভূতির সঙ্গে একান্ত কথোপকথন। কবি ও কথাশিল্পী শেলিনা শেলীর ‘ভগ্নাংশ ও ভ্রমণের গান’ তেমনই একটি অনুভবসমৃদ্ধ গ্রন্থ, যেখানে ভ্রমণের বিবরণ ব্যক্তিগত স্মৃতি, স্বদেশের প্রতি ভালোবাসা, প্রবাসজীবনের নিঃসঙ্গতা এবং প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। বইটি পড়তে পড়তে মনে হয়, লেখক যেন তাঁর অন্তর্লোকের দরজা খুলে দিয়েছেন পাঠকের সামনে। সেখানে প্রবেশ করলে অচেনা দেশও পরিচিত হয়ে ওঠে, দূরের মানুষও আপন হয়ে ধরা দেয়।
বইটির ভাষা কোমল, মোলায়েম ও সুখপাঠ্য। দীর্ঘদিনের সাহিত্যচর্চায় অর্জিত নিজস্ব গদ্যরীতির স্বাতন্ত্র এখানে লক্ষণীয়। তাঁর বর্ণনায় কৃত্রিমতার আড়ম্বর নেই, অথচ রয়েছে এক ধরনের সম্মোহনী মাধুর্য। তিনি দৃশ্য বর্ণনা করেন, কিন্তু সেই দৃশ্যের বাইরেও অনুভূতির যে অদৃশ্য জগৎ রয়েছে, পাঠককে সেখানে নিয়ে যেতে ভোলেন না। ফলে তাঁর গদ্য কখনো কবিতার কাছাকাছি চলে যায়, কখনো হয়ে ওঠে নিভৃত আত্মকথন। শব্দের ব্যবহার, বাক্যের প্রবাহ এবং অনুভূতির নিবিড়তা মিলিয়ে বইটি পাঠকের মনে তৈরি করে এক স্বতন্ত্র নান্দনিক আবহ।
বাংলাদেশের ষড়ঋতুর সবুজ প্রকৃতি ছেড়ে কানাডার তুষারশুভ্র শীতল পরিবেশে গিয়ে জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পেয়েছেন শেলিনা শেলী। তবে তাঁর ভ্রমণের তাৎপর্য কেবল নতুন দেশ দেখা কিংবা বিদেশের সৌন্দর্য উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, ভিন্ন সংস্কৃতির জীবনবোধ এবং নিজের শেকড়ের সঙ্গে আত্মিক বন্ধনকে উপলব্ধি করেছেন গভীরভাবে। কানাডার এডমন্টন থেকে শুরু করে বিভিন্ন স্থানে তাঁর পর্যবেক্ষণ তাই নিছক পর্যটকের চোখে দেখা কোনো বিবরণ হয়ে ওঠেনি; তা রূপ নিয়েছে অনুভবের শিল্পিত ভাষ্যে।
এডমন্টন শহরের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ পেয়েছে কবিতার পঙক্তিতে–
“এখানে দোয়েলের বন হেমন্তঝরা নিদয়ার গান গায়
এতো বেদনা বিদীর্ণ গুঞ্জনে কে হায় কেঁদে ডেকে যায়!”
তিনি আরও লিখেছেন–
“এ শহর বড় নিসর্গ শহর পাহাড় নদী নীলে অরোরা ও বন
শুভ্র তুষার শীতল কন্যা অতুল প্রতুল প্রিয় হে এডমন্টন।”
এই পঙক্তিগুলোতে এডমন্টন কেবল একটি ভৌগোলিক অবস্থান নয়; এটি হয়ে উঠেছে অনুভূতির আশ্রয়, প্রকৃতির অপূর্ব ক্যানভাস এবং স্মৃতির এক নিবিড় আবাস। দূরদেশের পাহাড়, নদী, অরোরা ও তুষারের মধ্যে লেখক খুঁজে পেয়েছেন নিজস্ব সৌন্দর্যবোধের অনুষঙ্গ। একই সঙ্গে বাংলাদেশের চেনা প্রকৃতি, দোয়েলের ডাক ও হেমন্তের আবহ যেন তাঁর অনুভবে ফিরে ফিরে এসেছে। এই দ্বৈত উপস্থিতি প্রবাসজীবনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনে– মানুষ নতুন দেশকে ভালোবাসতে পারে, অথচ নিজের দেশকে ভুলে যেতে পারে না।
‘ভগ্নাংশ ও ভ্রমণের গান’ গ্রন্থের অন্যতম আকর্ষণ এর বহুমাত্রিক বিষয়বিন্যাস। এখানে রয়েছে দেশ ছেড়ে যাওয়ার বেদনা, আত্মজদের কাছে পাওয়া স্বর্গীয় আনন্দ, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং দূরত্বের মধ্যেও শেকড়ের প্রতি গভীর টান। রয়েছে নিজের কথা, দেশ ও মানুষের কথা। আছে প্রবাসে স্বদেশি বন্ধুদের সঙ্গে সম্পর্ক, সাহিত্য আড্ডা, নানা দিবস ও অনুষ্ঠানের স্মৃতিচারণ। পাশাপাশি মিউজিয়াম, লাইব্রেরি, টোটেম, গ্রাফিতি এবং কানাডার বিচিত্র সামাজিক–সাংস্কৃতিক বাস্তবতার পরিচয়ও উঠে এসেছে তাঁর বয়ানে।
এসব বিবরণে লেখকের পর্যবেক্ষণক্ষমতা যেমন প্রকাশিত হয়েছে, তেমনি ধরা পড়েছে সংস্কৃতির বৈচিত্র্যকে গ্রহণ করার উদার মানসিকতা। ভিন্ন ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতির মানুষের সহাবস্থান তাঁর দৃষ্টিতে কেবল সামাজিক বাস্তবতা নয়; তা মানবসভ্যতার বহুত্ব ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে বইটি একদিকে যেমন ভ্রমণসাহিত্যের আনন্দ দেয়, অন্যদিকে পাঠককে ভিন্ন সমাজ ও জীবনব্যবস্থা সম্পর্কে ভাবতে শেখায়।
তবে গ্রন্থটির সবচেয়ে বড় শক্তি আমার বিবেচনায় এর অন্তরঙ্গতা। শেলিনা শেলী নিজের অনুভূতিকে আড়াল করেননি। আনন্দ, বিষাদ, বিস্ময়, নিঃসঙ্গতা কিংবা প্রাপ্তির উচ্ছ্বাস–সবকিছুকেই তিনি স্বাভাবিক ও অকৃত্রিমভাবে প্রকাশ করেছেন। তাঁর লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা কখনো ব্যক্তিগত পরিসরে আটকে থাকে না; তা ধীরে ধীরে পাঠকের নিজস্ব অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। কারণ দেশ থেকে দূরে থাকার বেদনা, প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার সংগ্রাম–এসব অনুভূতি সর্বজনীন।
বইটির নাম ‘ভগ্নাংশ ও ভ্রমণের গান’ নিয়েও ভাববার অবকাশ রয়েছে। ‘ভগ্নাংশ’ শব্দটি জীবনের বিচ্ছিন্ন অভিজ্ঞতা, অসমাপ্ত অনুভূতি কিংবা স্মৃতির খণ্ডিত টুকরোগুলোর ইঙ্গিত বহন করতে পারে। আর ‘ভ্রমণের গান’ সেই বিচ্ছিন্নতাকে সুরের বন্ধনে একত্রিত করার প্রয়াস। ভ্রমণের পথে সংগৃহীত বিচিত্র দৃশ্য, অনুভূতি ও স্মৃতির টুকরোগুলো লেখকের শিল্পিত বয়ানে একটি সামগ্রিক জীবনচিত্র নির্মাণ করেছে। জীবন যে একটিমাত্র সরলরেখায় প্রবাহিত হয় না, বরং অসংখ্য প্রাপ্তি–অপ্রাপ্তি, বিচ্ছেদ–মিলন ও অভিজ্ঞতার সমষ্টিতে গড়ে ওঠে–গ্রন্থটির নামের মধ্যেও যেন সেই জীবনদর্শনের আভাস রয়েছে।
বইটি পড়ার অভিজ্ঞতা আমার কাছে ছিল এক বিশেষ প্রশান্তির। অফিসের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে যখন বইটি হাতে নিয়েছি, তখন সারাদিনের ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে গেছে। পড়তে পড়তে মনে হয়েছে, পরিচিত পৃথিবীর বাইরে আরেকটি পৃথিবী আমার সামনে উন্মুক্ত হচ্ছে। সেখানে প্রকৃতি আছে, মানুষ আছে, স্মৃতি আছে, আবার আছে নিঃসঙ্গতার সঙ্গে সহাবস্থানের এক গভীর শিল্প। বইটি শেষ করার পর যে শূন্যতা অনুভব করেছি, তা প্রিয় কোনো মানুষের সঙ্গে দীর্ঘ আলাপ শেষে বিদায়ের মুহূর্তের শূন্যতার মতো। মনে হয়েছে, এই মধুর গদ্যসঙ্গ আরও দীর্ঘায়িত হলে মন্দ হতো না।
আপনার দেখা পৃথিবী, অনুভবের গভীরতা ও ভাষার মাধুর্য দিয়ে আমাদের সমৃদ্ধ করুন। ‘ভগ্নাংশ ও ভ্রমণের গান’ কেবল ভ্রমণের বিবরণ নয়; এটি একজন সংবেদনশীল মানুষের হৃদয়ের মানচিত্র, যেখানে দেশ ও বিদেশ, স্মৃতি ও বর্তমান, নিঃসঙ্গতা ও আনন্দ পরস্পরের সঙ্গে মিশে আছে। বইটি শেষ হয়, কিন্তু তার অনুভূতি শেষ হয় না। বরং পাঠকের ভেতরে শুরু হয় আরেক ভ্রমণ–নিজের হৃদয়ের দিকে, নিজের শেকড়ের দিকে, অসীম জীবনের দিকে।
শেলিনা শেলীর এই হৃদয়কথন তাই পাঠকের মনে দীর্ঘদিন অনুরণিত হওয়ার মতো এক মধুময় গদ্যভ্রমণ।












