ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে গতকাল খবর বেরিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল। এ খবরের পর এ নিয়ে আলোচনা শুরু হলে তা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। খবর বিডিনিউজের।
আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হবে : শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না–ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন–কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সে দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।
গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।
বাংলাদেশ সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না : নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে যে চিঠি দিয়েছেন, তাকে হাস্যকর বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিক। এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে ব্রিটিশ ল ফার্ম ওই চিঠি পাঠিয়েছে, তাদের উচিত শেখ হাসিনার মতো মক্কেলের পক্ষে দাঁড়ানোর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া। আমি আইনি ফার্মটিকে তাদের মক্কেল সম্পর্কে আগে জানতে বলব। তাদের মক্কেল একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, বছরের পর বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, অপহরণ করেছেন, বিচার বহির্ভূত হত্যা। তারপরে তো পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার, তারও বেশি মানুষকে হত্যা করেছেন। সুতরাং আপনার মক্কেলকে জানুন, তার দুর্গন্ধযুক্ত, বাংলাদেশের মানুষ থেকে লুট করা টাকার পেছনে ছুটবেন না। কিছু নীতিগত সীমা মেনে চলুন। আপনার যদি সেসব সীমা না থাকে, তাহলে বিশ্বব্যাপী লজ্জিত হবেন।
হুমায়ুন কবির বলেন, এগুলো কিছু আনএথিক্যাল রিপ্রেজেন্টেশন, না বুঝে না শুনে বা বুঝেশুনেই করে মাঝেমধ্যে। এটা দুর্নীতিবাজ, পলাতক অপরাধী থেকে কিছু টাকা আয়ের ধান্ধা, যে কোথাও পালিয়ে আছে, সম্ভবত দিল্লিতে। সুতরাং এটাকে কেবল সহজে টাকা আয়ের প্রক্রিয়া হিসাবে না দেখে কিছু নৈতিক বিবেচনার চর্চা করুন। আপনি কি বাংলাদেশের মুখোমুখি হয়ে বলতে পারবেন, এই মহিলা নিরপরাধ?
ওই আইনি ফার্মের উদ্দেশে তিনি বলেন, যে দেশে আছ, ওই দেশের আইন হাসিনার মতন লোকদের জন্য কীভাবে করেছে, এটা একটু শিখুক। হাস্যকর! তো হাসিনা কি এ ক্যাটাগরিতে পড়ে না, আমাদের ন্যাশনাল সিকিউরিটি কনসার্নে? টেরোরিজম, ভায়োলেন্ট অ্যাক্টিভিটিজ দিল্লি থেকে বসে ইনিশিয়েট করতেছে, দেড় হাজার মানুষ হত্যা করে গেছে। শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু না করার বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে ওই ল ফার্মকে চিঠির জবাব দেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন প্রতিমন্ত্রী।
পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি : শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য যে আবেদন করেছেন, সেটিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি হিসেবে দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। গতকাল সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক। এ বিষয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের বক্তব্য তুলে ধরা হবে বলে জানান তিনি।












