চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি নিরসনে অন্তত ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালুসহ ৬দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা যাতায়াত ব্যবস্থা। এতে যানবাহন সংকট নিরসনে চাকসু নির্বাচনের পর থেকেই প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’ তিনি বলেন, চাকসুর দাবির মুখে শহর থেকে শিক্ষার্থীদের জন্য ফিরতি ৯টি বাস বরাদ্দের আশ্বাস দেওয়া হলেও প্রশাসনিক জটিলতায় এখন পর্যন্ত মাত্র ৩টি বাস চালু হয়েছে। আরও ৪টি বাস চালুর বিষয়ে নীতিমালা প্রণয়ন ও ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হলেও তা এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এছাড়া চাকসুর উদ্যোগে ৬টি নতুন ই–কার চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরও ই–কার বাড়ানোর দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। শাটল ট্রেন সেবা সংস্কারে চাকসুর পক্ষ থেকে ১৩ দফা দাবি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছে বলেও উল্লেখ করেন ইসহাক ভূঁঞা।













