শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. রফিকুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব–৭। ধৃত রফিক চান্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গত ২ জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করেছেন মো. রফিকুল ইসলাম। সর্বশেষ ৯ জুলাই যৌন নিপীড়ন করলে ওই শিক্ষার্থী তা পরিবারকে জানায়। গত ১৮ জুলাই ওই শিক্ষার্থীর চান্দগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
র্যাব জানায়, রফিক বান্দরবান জেলার লামার কেয়াজু পাড়ার মো. একরামের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












