শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

‘লং মার্চ’ কর্মসূচিতে পুলিশি ব্যারিকেড

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে আন্দোলনে নামা এইচএসসি পরীক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর শাহবাগ ছেড়ে চলে যান। সড়ক ছাড়ার আগে তারা বলেছেন, বুধবার রাতের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবারও (আজ) অবরোধ কর্মসূচি পালন করা হবে। বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে শাহবাগে অবরোধ শেষ করেন তারা। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবারের কর্মসূচি সম্পর্কে আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।

এর আগে গতকাল বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার আব্দুল গণি রোডের মুখে সচিবালয় অভিমুখী লং মার্চ আটকে দেয় পুলিশ। শিক্ষাভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়। এসব শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। সেখানে তাদের সঙ্গে আন্দোলনকারীদের নামপরিচয় জানতে চাওয়া নিয়ে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে শিক্ষার্থীদের তর্কে জড়াতে দেখা গেছে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই ঘণ্টা অবরোধ রাখার পর রাত ৭টা ৫৫ মিনিটে শাহবাগ ত্যাগ করে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে দুপুর আড়াইটায় তারা সায়েন্স ল্যাবরেটরি সড়কে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।

আন্দোলনে অংশ নেওয়া বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফ্রেদী বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ করব। আমাদের দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে নদীতে লাশ ভাসিয়ে গুম করার তথ্য পেয়েছে প্রসিকিউশন