নগরীর পাঁচলাইশ থানাধীন সকল ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে সুসম্পন্ন করতে সার্বিক সহযোগিতা, পরামর্শ ও তদারকি কার্যক্রম পরিচালনার জন্য মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামকে দায়িত্ব অর্পণ করেছে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের প্যাডে সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন স্বাক্ষরিত চিঠি দিয়ে এ দায়িত্বের কথা জানানো হয়। তারই পরিপেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদ ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে পরামর্শ সভায় মিলিত হন আবদুচ ছালাম। সভায় আবদুচ ছালাম বলেন, দেশের সকল সমপ্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ডকে নির্বিঘ্ন করতে অর্থাৎ সকল নাগরিকে নিজ নিজ ধর্ম প্রতিপালনের অধিকার সমুন্নত করতে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত সচেতন ও আন্তরিক। পৃথিবীতে অধার্মিক, দুরাচারী, শয়তান ও অসুরদের দমন করে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই সকল ধর্মপ্রচারকদের পৃথিবী আগমন ঘটেছে। তাই শান্তিকামী যে কোনো ধার্মিক ব্যক্তি কখনো অন্যের ধর্ম প্রতিপালনে বাধা হতে পারেনা। একটি সুবিধাবাদী গোষ্ঠী সামপ্রদায়িক বিষবাস্প ছড়িয়ে বারবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা সকল ধর্মের শত্রু, উন্নয়নের শত্রু, জনতার শত্রু। তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। দুষ্কৃতকারীদের ব্যাপারে যে কোনো তথ্য পেলে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যার সরকার তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা করতে প্রস্তুত।
সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ৪২নং নাসিরাবাদ শিল্পাঞ্চল (সাংগঠনিক ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি খয়রাতি মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক ছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।














