আমার আছে দিগন্তমাঠ আকাশে নীল ভেলা
তেপান্তরের হাওয়ায় ঘুড়ি ওড়াই সারাবেলা।
নদীর জলে ডুবসাঁতারে দমটা ধরে রাখি
সবুজ ধানের গন্ধে ভরা মাটি গায়ে মাখি।
রাতের বেলা বাঁশঝাড়েতে জোনাকিরা জ্বলে
চাঁদনিরাতে উঠোন জুড়ে দাদু গল্প বলে।
তোমার আকাশ বিষে ভরা মাঠতো কোথাও নেই ই
ছাদের কোণে টার্ফের ঘাসে একটু খেলো এই ই।
কোচিং ক্লাস হোমওয়ার্ক শেষে খানিক সময় পেলে
তাতে তুমি ব্যস্ত থাকো মোবাইলে গেম খেলে।
চার দেয়ালে বন্দী জীবন, কেমনে তোমার কাটে!
স্ক্রিনেতে সুখ খোঁজো রোজ, সুখ কি সেথায় থাকে?
আমার উঠোন জুড়ে যেমন পাখিরা সুর তোলে
হাতের মুঠোয় নেট দুনিয়াও হাওয়ার সাথে দোলে।
গ্রামটা এখন শহর হলো প্রযুক্তিরই টানে
শহর কখন গ্রামটি হবে সবুজ ছায়ার গানে?









