শরীর নেই,পাওয়া গেল বিকৃত মস্তক

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় একটি শরীরবিহীন মস্তক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে বিকৃত মস্তকটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আশ্রয়ণ কেন্দ্রে এক মহিলা ছাগল খুঁজতে গিয়ে হঠাৎ একটি শরীরবিহীন মস্তক পড়ে থাকতে দেখে। বিষয়টি প্রতিবেশীদের জানালে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মাথাটিতে পচন ধরে বিকৃত হয়ে যাওয়ায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মস্তকটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মস্তকটি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় এবং লম্বা চুলযুক্ত মাথার অংশটি আশপাশে দৃশ্যমান না হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে ধারণা করা হচ্ছে গত ৫ দিন আগে একই এলাকা থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন শরীরের মস্তক এটি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে এটি কোনো নারীর মস্তক বলে ধারণা করা হচ্ছে। তবে ৫ দিন আগে মস্তকবিহীন শরীরের মস্তক কিনা তা ডিএনএ টেস্টের পর জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরঙ্গিপাড়ায় শীর্ষ নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জন গ্রেপ্তার