শনিবার থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা বন্ধ

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল (শনিবার) রাত ১২টার পর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং মাছের প্রজনন মৌসুম ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ের ছয় দিন আগেই এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।গতকাল সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে বৈঠকে মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্র, জেলা মৎস্য কার্যালয় এবং মৎস্য ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের উপব্যবস্থাপক মো. মাসুদ আলম বলেন, সাধারণত প্রতিবছরের ১ মে থেকে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হলেও এবার মা মাছ রক্ষায় ২৫ এপ্রিল থেকেই তা কার্যকর হচ্ছে। এই সময়ে হ্রদে মাছ শিকারের পাশাপাশি স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকবে। অবৈধভাবে মাছ শিকার ঠেকাতে হ্রদে বিএফডিসি ও নৌ পুলিশের টহল জোরদার করা হবে।

নিষেধাজ্ঞাকালীন তিন মাস কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল নিবন্ধিত জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেবে সরকার। তবে তিন মাস পর হ্রদে মাছ শিকার শুরুর বিষয়টি পানির উচ্চতার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পর্যাপ্ত পানি না বাড়লে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় স্লুইচগেট ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত লবণ মাঠ
পরবর্তী নিবন্ধবোতল ও জুতা চুরি হওয়ায় পাগলীর বেপরোয়া আক্রমণ, ভাঙল ১০টি গাড়ি