লোহাগাড়ায় হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে ৪ বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উপজেলা সদর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস, থানার এএসআই লুৎফুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলাম প্রমুখ।
অভিযানে মারসা পরিবহন ও শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা করে এবং ঈগল ও পূরবী পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, হাইড্রোলিক হর্নের অতিরিক্ত শব্দ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে নির্ধারিত শব্দসীমার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি যাত্রীবাহী বাসকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে সাতটি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










