লোহাগাড়ায় সড়ক প্রশস্তকরণে দেড় হাজার গাছ কর্তন, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ৯:৩০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় কাটা হচ্ছে দেড় হাজারের বেশি গাছ। এতে একদিকে যেমন এলাকার সবুজ আচ্ছাদন কমছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সিডিডব্লিউএসপি কর্মসূচির আওতায় এলজিইডির অর্থায়নে সড়কটির প্রশস্তকরণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। নেওয়াজের টেক থেকে কলাউজান বোর্ড অফিস পর্যন্ত প্রায় ৭ দশমিক ৭০০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স।

সরেজমিনে দেখা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নের নেওয়াজের টেক থেকে কলাউজান বোর্ড অফিস পর্যন্ত সড়ক প্রশস্তকরণের জন্য গাছ কাটা হচ্ছে। ইতোমধ্যে এক হাজারের বেশি গাছ কাটা হয়েছে। কর্তনকৃত গাছগুলো সড়কের উভয়পাশে রাখা হয়েছে। তবে লেইংগ্যা পুকুরপাড় থেকে কানুনারাম বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় এখনো গাছ কাটা হয়নি। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন ধরে বেড়ে উঠা এসব গাছ হারিয়ে গেলে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। গাছপালা কমে যাওয়ায় পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার পাশাপাশি ছায়া ও প্রাকৃতিক শীতলতাও কমে যেতে পারে। তাই সড়ক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

পরিবেশসচেতন মহলের মতে, শুধু গাছ লাগানোর প্রতিশ্রুতিই যথেষ্ট নয়। নতুন গাছের যথাযথ পরিচর্যা ও টিকে থাকা নিশ্চিত করাও জরুরি। সড়ক যোগাযোগের উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তাই উন্নয়নকাজে পরিবেশগত ক্ষতি যথাসম্ভব কমিয়ে পরিকল্পিত বৃক্ষরোপণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে হবে।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, সড়ক প্রশস্তকরণ কাজের জন্য প্রায় দেড় হাজার গাছ কাটা হবে। যেসব স্থানে গাছ কাটা হয়েছে, সেসব স্থানে পুনরায় গাছ লাগানো হবে।

পূর্ববর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু
পরবর্তী নিবন্ধমাদারবাড়ি বালুর মাঠে দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করবে চসিক