লোহাগাড়ায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার সদর ইউনিয়ন ও কলাউজান ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাউজান সর্দ্দার পাড়ার নুরুচ্ছাফার স্ত্রী পারভিন আক্তার (৩৫) ও লামা উপজেলার মো. সাকিব (২২)।
কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হক জানান, দুপুরে পারভিন আক্তার পানির মোটর ছেড়ে পুকুরে গোসল করতে যান। এ সময় অসাবধানতা বশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভিন আক্তার ৩ সন্তানের জননী।
এছাড়া একইদিন দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে পানির মটর বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মো. সাকিব নামে এক শ্রমিক। পরে তাকে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লোহাগাড়া থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যুর ব্যাপারে থানায় কেউ অবগত করে নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












