বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল শুক্রবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ‘বি’ গ্রুপের খেলায় চট্টগ্রাম ২৮৩ রানের বড়ো ব্যবধানে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে। এর আগে নিজেদের প্রথম খেলায় চট্টগ্রাম
৯ উইকেটে বান্দরবান জেলা দলকে পরাজিত করেছিল। টানা দুই জয়ে আঞ্চলিক সেমিফানাল নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রামের। গতকাল টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের ওপেনার নীলাচল বড়ুয়া সেঞ্চুরী হাঁকান। ৯৬ বল খেলে ১৩৬ রান করেন তিনি। ৫টি চার এবং ১৫টি ছক্কা ছিল তার সেঞ্চুরি সমৃদ্ধ ইনিংসে। এছাড়া ওয়াহেদ মুরাদ ৯৪ বলে ৮৩,জুনায়েদ তামিম ৩৬ বলে ৫০,আবিদ আহনাফ ৩৭ বলে ৩১ রান করেন। অন্যদের মধ্যে সাইয়েদ বোরহান ১৩, মো. আজমাইন অপরাজিত ১৩ এবং আদিল চৌধুরী ১০ রান করেন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে চট্টগ্রাম জেলা দল ৩৫২ রানের বিশাল স্কোর গড়ে তোলে। লক্ষ্মীপুরের রাব্বি হোসেন ৫৮ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। ১টি করে উইকেট পান আবদুর রহমান এবং আদনান সামি। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের বোলারদের সামনে খেই হারিয়ে ফেলে লক্ষ্মীপুর জেলা দল।
৩৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। দলের ৫ ব্যাটসম্যান কোন রানই করতে পারেননি। নাজমুল রহমান সর্বোচ্চ ২৬ করেন ৬১ বল খেলে। এছাড়া রিদন চৌধুরী ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান।
দলের আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। বিনা রানে প্রথম দুই উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে লক্ষ্মীপুরের উইকেটগুলোর পতন হতে থাকে। চট্টগ্রামের পক্ষে মিনহাজ উল হক ১৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।
আবদুল্লাহ আবির ৭ রান দিয়ে এবং আদিল চৌধুরী ১১ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান দলের ইয়ামিন আলি,মো. রানা মিয়া এবং মো. আজমাইন। ম্যান অব দি ম্যাচ হন চট্টগ্রামের সেঞ্চুরিয়ান নীলাচল বড়ুয়া। আগামী ৩০ নভেম্বর বি–গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চট্টগ্রাম তাদের পরবর্তী খেলায় কক্সবাজারের মোকাবেলা করবে।












