লং জাম্পে ২২ বছরের রেকর্ড ভাঙলেন স্বপ্না

অ্যাথলেটিক্স

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

২০০৪ সালের এসএ গেমসের লং জাম্পে ফৌজিয়া হুদার গড়া রেকর্ডের স্মৃতি স্বপ্না খাতুন ফিরিয়ে আনলেন জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট লং জাম্পে সেরা হলেন নতুন রেকর্ড গড়ে। জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে রেকর্ড হয়েছে চারটি। এর মধ্যে স্বপ্নার ওই একটি। ২২ বছর আগে ইসলামাবাদে এসএ গেমসে ৬ দশমিক ০৬ মিটার অতিক্রম করে রুপা জিতেছিলেন ফৌজিয়া। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে এতদিন টিকে ছিল রেকর্ডটি। গতকাল সোমবার ৬ দশমিক ২৫ মিটার অতিক্রম করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন স্বপ্না। খবর বিডিনিউজের।

পুরুষ ডিসকাস থ্রোয়ে নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭ দশমিক ৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিমের গড়া ৪৬ দশমিক ৯৪ মিটারের রেকর্ডটি ভাঙেন। মহিলা ডিসকাস থ্রোয়ে নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬ দশমিক ০৬ মিটার ছুড়ে করে নিজের ২০২২ সালের রেকর্ড (৪৩ দশমিক ৪৯ মিটার) ভেঙেছেন।

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১ মিনিট ৩ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটিও ছিল তার, ২০২৫ সালে ১ মিনিট ৪ দশমিক ৫০ সেকেন্ডের। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে ১৫টি সোনা, ১২টি রুপা ও ৭টি ব্রোঞ্জ মিলিয়ে ৩৪টি পদক নিয়ে নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ১১টি সোনা, ১৩টি রুপা এবং ১৬টি ব্রোঞ্জসহ মোট ৪০টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেনাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন অরণ্য চৌধুরী
পরবর্তী নিবন্ধমুশফিকের সঙ্গে মাসুদের, শাকিলের সঙ্গে তাইজুলের যা হয়েছিল মাঠে