মুশফিকের সঙ্গে মাসুদের, শাকিলের সঙ্গে তাইজুলের যা হয়েছিল মাঠে

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

শুরুটা হয়েছিল শান মাসুদের সঙ্গে মুশফিকুর রহিমের। এরপর লেগে যায় সাউদ শাকিলের সঙ্গে তাইজুল ইসলামের। সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটবলের লড়াই ছিল অনেকটাই এক তরফা। সেখানে দাপট ছিল শুধু বাংলাদেশেরই। তবে একটু উত্তাপ ছড়াল ওই কথার লড়াই। সেখানে কেন্দ্রীয় চরিত্রদের একজন তাইজুল দিনের খেলা শেষে শোনালেন ওই সময়ের ঘটনা। চা বিরতির ঠিক আগে ওভারের ঘটনা সেটি। সূত্রপাত কীভাবে, তা বোঝা কঠিন। তবে শান মাসুদকে দেখা যায় মুশফিকের দিকে এগিয়ে কিছু একটা বলতে। মুশফিক শুরুতে যেন বুঝে উঠতে পারছিলেন না। পরে তিনিও জবাব দেন। পাল্টা জবাব আসে মাসুদের কাছ থেকে। উইকেটের অন্য প্রান্ত থেকে তাইজুল তখন গিয়ে এগিয়ে গিয়ে মুশফিকের পাশে দাঁড়ান। মাসুদের সঙ্গে তার কথার লড়াই চলতে থাকে কিছুক্ষণ। খবর বিডিনিউজের।

পরে তাইজুল যখন ক্রিজে ফিরছিলেন, স্লিপ থেকে এগিয়ে গিয়ে তাকে কিছু একটা বলেন শাকিল। তাইজুলও জবাব দেন শাকিলের দিকে এগিয়ে গিয়ে। খুব বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি ওই পর্ব। আম্পায়াদের হস্তক্ষেপও প্রয়োজন হয়নি সেভাবে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল কিছুটা শোনালেন ওই সময়ের ঘটনা। এটা আসলে আপনি যখন ম্যাচে নামবেন, আসলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে।

তারাও অনেক সময় ধরে ফিল্ডিং করছিল, হয়তো টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। মুশি ভাই তো এমন কোনো কিছু বলেননি। নরম্যালি আম্পায়ারের সাথে কথা বলছিলের। কিন্তু ও (মাসুদ) কী বুঝেছে, না বুঝেছে ও রিঅ্যাক্ট করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে আসলে আমাকে ও (শাকিল) বলছিল যে, তুমি ব্যাটিং করতে আসো। এটা তো আসলে বিজনেস না এটা আমার বিজনেস, ব্যাটিং করাটা! এই আর কী।

ওই ঘটনার পরে ব্যাট হাতে তাইজুলের জবাবটা ছিল দারুণ। বিতর্কের পর প্রথম বলটিই তার শরীর তাক করে বাউন্সার করেন খুররাম শাহজাদ। তাইজুল এক পা তুলে সপাটে পুল করে দেন, যেটিকে বলে ক্যারিবিয়ান পুল। বল চলে যায় বাউন্ডারিতে। ওই শটও কি একটা জবাব? লাজুক হাসিতে তাইজুল আর বিতর্কের দিকে গেলেন না, এটা ব্যাটিং করতে গেলে আসলে বলটা ওরকম ছিল আর কী!

পূর্ববর্তী নিবন্ধলং জাম্পে ২২ বছরের রেকর্ড ভাঙলেন স্বপ্না
পরবর্তী নিবন্ধসব বদলায়, কিন্তু মুশফিক চিরন্তন