র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল বিরোধী দলের আপত্তির মধ্যে জাতীয় সংসদে পাস হয়েছে। র্যাবের জনবল, সম্পদ, নথিপত্র, স্থাপনা, তহবিল ও দায়দায়িত্ব নতুন ইউনিটে হস্তান্তরের বিধান থাকায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, কার্যত একই বাহিনীকে নতুন নামে রাখা হচ্ছে। তাদের কেউ কেউ একে নতুন বোতলে পুরোনো মদ বলেও বর্ণনা করেন। বিলটি আরও যাচাই–বাছাই এবং অংশীজনদের মতামত নেওয়ার দাবি জানান তারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র্যাব বিলুপ্ত করেই নতুন একটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। র্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে দীর্ঘ আলোচনা ও দফাওয়ারি বিবেচনার পর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। খবর বিডিনিউজের।
এর আগে বিলটি জনমত যাচাইয়ে পাঠানো এবং বাছাই কমিটিতে পাঠানোর বিরোধী দলের প্রস্তাব নাকচ হয়। এছাড়া বিলের প্রস্তাবনা ও ২৪ ধারায় স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের আনা দুটি সংশোধনীও কণ্ঠভোটে নাকচ করে সংসদ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
বিলে বলা হয়েছে, পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে একটি বিশেষায়িত ইউনিট থাকবে। সরকারের প্রয়োজন অনুযায়ী পুলিশ, শৃঙ্খলা বাহিনী ও নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, আর্মড পারসোনেল ও কর্মচারী পদায়ন বা প্রেষণে নিয়োগ দিয়ে ইউনিটটি গঠন করা হবে। ইউনিটের কর্মকর্তা, আর্মড পারসোনেল ও কর্মচারীদের পদবিন্যাস, নিয়োগ পদ্ধতি ও চাকরির শর্ত বিধি দিয়ে নির্ধারণ করা হবে। এসআরবির আলাদা পতাকা, প্রতীক ও নির্দিষ্ট পোশাক থাকবে। পুলিশে কর্মরত অন্তত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা এসআরবির মহাপরিচালক হবেন।









