কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস–জোন্স। গতকাল মঙ্গলবার সকালে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য ও জীবিকায়ন নিয়ে পরিচালিত মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। তার সফর ঘিরে ক্যাম্পের ভেতর ও বাইরে জোরদার করা হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সূত্র জানায়, এদিন সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প–১৮–এর বি–১ ব্লকের একটি লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে সোফির রোহিঙ্গা ক্যাম্প সফর শুরু হয়। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বাস্তুচ্যুত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। শিশুদের পড়াশোনা ও তাদের নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। এরপর আইওএম পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ ডাচেস। একই ক্যাম্পে নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ পরিদর্শন করে নারী ও কিশোরীদের নিরাপত্তা, সুরক্ষা ও সহায়তায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন তিনি। দুপুর ১২টার দিকে ক্যাম্প–২০–এ আইওএম ও পিএআইএলএসের উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন সোফি। রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন ও জীবিকায়নের সুযোগ তৈরিতে পরিচালিত এ উদ্যোগের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। পরে প্রতিনিধিদল উখিয়ার ক্যাম্প–৪–এর উদ্দেশে রওনা হয়। সেখানে ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। একই ক্যাম্পে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। সফরকালে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গা শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবিকা ও মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত হন ব্রিটিশ ডাচেস। বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সোফি এবং কক্সবাজারে ত্যাগ করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি–বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করবেন তিনি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।
১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে সোফি হেলেন রিস–জোন্স’র বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ‘ডাচেস অব এডিনবরা’ হিসেবে পরিচিত হন। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।












