রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। গত ৯ এপ্রিল এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২ তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। ওসি মেজবাহ উদ্দিন বলেন, হাসিবুর রশীদ তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি। খবর বিডিনিউজের।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই দিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন হাসিবুর রশীদ। ক্যাম্পাস ছাড়লেও সেদিন উপাচার্যের পদ ছাড়েনি অধ্যাপক হাসিবুর। তিনি পদত্যাগ করেন ৮ আগস্ট; আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর। সেদিন ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

অধ্যাপক হাসিবুর রশীদ উপাচার্যের দায়িত্ব নেন ২০২১ সালের ১৪ জুন। তিনি অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর স্থলাভিষিক্ত হন। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে হাসিবুর রশীদ ছিলেন কোষাধ্যক্ষের দায়িত্বে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষকতা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে রাজনৈতিক হস্তক্ষেপ চাই না