অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি খুবই আনন্দিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আমি আরও বেশি আনন্দিত এই মেডিকেল কলেজের লেখাপড়ার গুণগত মান নিয়ে। এই মেডিকেল কলেজের রেটিংও খুব ভালো। আপনাদের এই রেটিং আরো এগিয়ে নিতে হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসানের সঞ্চালনায় হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। আমার কাছে অনেকেই এই মেডিকেল কলেজের ভর্তির জন্য তদবির করতে আসেন। আমি সবাইকে বলে দিয়েছি ভর্তির ব্যাপারে নিয়মের বাইরে কোনো কিছু হবে না। এসব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। সর্বোপরি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তিনি নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি এ প্রতিষ্ঠানের অধীনে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালু করার আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বড় পদক্ষেপ নিয়েছে। এই বছর বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ অনেক বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ইউনিভার্সেল স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের শিক্ষক–শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।













