রেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ–সুবিধা নিশ্চিত করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি গতকাল বুধবার বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের (বিআরইএল) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর সিআরবি চত্বরে রেলওয়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরইএল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সভাপতি মুহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া, নগর জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, বিআরইএলের কেন্দ্রীয় সভাপতি মো. আখতারুজ্জামান, মহানগরীর সহ–সভাপতি মকবুল আহমদ ভুঁইয়া, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী, বিআরইএলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন।
আতিকুর রহমান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রগতিতে রেল শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ তাঁদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আবাসন ও রেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নেও কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সমাবেশে রেল শ্রমিকদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মো. মাহফুজুল আলম, মো. কামরুল হুদা, মো. ওমর ফারুক, মো. আসাদ উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











