রুমায় দুর্গম পাহাড়ি পল্লীতে যাতায়াতে সেনাবাহিনী দিল ‘সমপ্রীতি এক্সপ্রেস’ জিপ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব এবং আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় জনগণের জন্য একটি চাঁদের গাড়ি (জিপ) প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা ৩৬ জোন। ‘সমপ্রীতি এক্সপ্রেস’ নামের এই গাড়িটি ব্যবহারের ফলে দুর্গম এলাকার ১৪টি পাড়ার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও জরুরি রোগী পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, বাসাৎলং পাড়া ও হ্যাপিহিল পাড়াসহ আশপাশের দুর্গম পাহাড়ি জনপদের বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। এসব এলাকায় বসবাসরত বম জনগোষ্ঠীর পাশাপাশি মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সমপ্রদায়ের মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণে যানবাহনের সংকট ছিল অন্যতম বড় প্রতিবন্ধকতা। বিশেষ করে রুমা–মুননুয়াম পাড়া সড়কে আগে নিয়মিত কোনো যানবাহন চলাচল না করায় স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন, বাজারে যাতায়াত ও অসুস্থ রোগীদের চিকিৎসাকেন্দ্রে নিতে হতো। এতে দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল পাড়াবাসীকে।

পূর্ববর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে প্রয়াস
পরবর্তী নিবন্ধমহানগরী জামায়াতের নবনির্বাচিত আমির নজরুল ইসলামের শপথগ্রহণ