নগরের দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি মাটির দোতলা বাড়ির দেয়ালে ফাটল দেখা গেছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভবনটি। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গতকাল দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত ভবনটি ভাঙার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ভবনটির মালিক অমিতাস দেব মিঠু সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগে কর্মরত। আজাদীকে তিনি বলেন, ভবনটি অপসারণের জন্য কালকে (আজ) থেকে ভাঙা শুরু হবে। ঝুঁকিপূর্ণ অংশে কেউ থাকেন না বলেও জানান তিনি।
এদিকে গতকাল দুপুরে উপস্থিত হয়ে দেখা গেছে, রুমঘাটা এলাকার একজন প্রহরী ভবনের সামনে লাল কাপড় টাঙিয়ে দেন। এ সময় সেখানে ‘ঝুঁকিপূর্ণ ভবন, সাবধানে চলাফেরা করুন’ লেখা সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেন একজন নিরাপত্তাকর্মী।

স্থানীয়রা জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দেয়ালের একটি অংশ রাস্তায় ভেঙে পড়ে। তারা জানান, বাড়িটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কয়েকদিনের ভারী বৃষ্টিতে এর দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়।
এদিকে মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি ভবন মালিককে বলেন, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ছোট বাচ্চা বা পথচারীর উপর পড়লে বড় ধরনের ক্ষতি পারে। যেহেতু ঝুঁকিপূর্ণ হয়েছে তাই ভেঙে ফেলেন।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবন কোনোভাবেই জনসাধারণের জন্য নিরাপদ নয়। তাই দ্রুত ভবনটি অপসারণের কার্যক্রম শুরু করতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা না থাকে। মেয়র স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভবনটির আশপাশে অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন অবস্থান না করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ঝুঁকি নিরসনের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান। আজাদীকে তিনি বলেন, এটা দক্ষিণমুখী ঘর। পূর্ব পাশের ওয়াল দেবে আরেকটার সাথে লেগেছে। ওখান থেকে কিছু রাস্তায়ও পড়ে। মেয়র মহোদয় এটা অপসারণ করার নির্দেশনা দেন।










