আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ–সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, শান্তি ও সমপ্রীতির সমাজ বিনির্মাণে প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। রাসূল (দ.) এর শিক্ষা কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সৃষ্টির সেবা ও মানবকল্যাণই হলো ইসলামের অন্যতম মূল ভিত্তি।
গতকাল মঙ্গলবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর বর্ধিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজের সার্বিক উন্নয়নের বিষয়গুলোতে আলোকপাত করে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, আধ্যাত্মিক সাধনার পাশাপাশি জাগতিক কল্যাণেও আমাদের সমানভাবে কাজ করতে হবে। মেধা বিকাশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিরন্তর গবেষণা, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ এবং আর্তমানবতার সেবায় বহুমুখী মানবকল্যাণমূলক কাজকে আরও বেগবান করতে হবে। মাইজভাণ্ডারী ত্বরিকা মূলত মানবপ্রেম ও সৃষ্টির সেবারই এক অনন্য প্রতিচ্ছবি। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম–সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খাঁন ও আইন বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম। এবারের বর্ধিত সভায় সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শাখাসমূহ থেকে বিপুল সংখ্যক কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন। সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।












