রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও দৈনিক বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সহকারী সাধারণ সম্পাদক ও সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য ও দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এবং দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকমণ্ডলীর সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ে খোঁজখবর নেন। সম্পাদক পরিষদের সদস্যগণ বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় সদস্যগণ একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সাথে রাষ্ট্র ও সরকারের আরো কার্যকর ও নিয়মিত সংযোগ এবং সমন্বয়ের ওপর জোর দেন। প্রতিনিধিদল গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান। রাষ্ট্রপতি রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজনে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি জাতের পাশাপাশি দেশীয় প্রাণিসম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার