ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড। গতকাল শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন বোর্ডে দলের চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থায়ী কমিটি মনোনয়ন বোর্ড হিসেবে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। বোর্ডের সিদ্ধান্ত পরে জানানো হবে। খবর বিডিনিউজের।
সাক্ষাৎকার দেওয়া তিন প্রার্থী হলেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। মনোনয়ন বোর্ডের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিহ উল্লাহ ও ফরহাদ হালিম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও–১ আসনটি শূন্য হয়ে যায়। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট হবে।













