খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আইনশৃঙ্খলা জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন ইউপিডিএফের কালেক্টর এবং অপর দুজন সংগঠনটির সদস্য।
আটককৃতরা হলেন সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। তাদের বাড়ি রামগড় ও গুইমারা উপজেলার বিভিন্ন গ্রামে। অভিযানে একটি একে–২২ রাইফেল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালায়। এ সময় সশস্ত্র ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পাল্টা গুলিবর্ষণের একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরবর্তী তল্লাশিতে সুইথোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। একই সঙ্গে কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকেও আটক করা হয়। তিনি আরো জানান, আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।













