রান্নাঘরে পচা ডিম ইঁদুর-তেলাপোকা

সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

পচা ডিম, পচা ব্রেডক্রাম্প ও ইঁদুরতেলাপোকা, মাছির উপস্থিতি, প্রক্রিয়াকরণ স্থানেই মুরগির খামার, খোলা ড্রেনেজসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নগরের পূর্ব নাসিরাবাদের সাদিয়াস কিচেনের রান্নাঘরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় ওই প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে পচা ডিম, পচা ব্রেডক্রাম্প, ইঁদুরতেলাপোকামশামাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, প্রক্রিয়াকরণের জায়গায় মুরগির খামার, খোলা ড্রেনেজ, ফ্রিজারে মাংসের সাথে খোলা অবস্থায় দই সংরক্ষণ করতে দেখা যায়। অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাকর্মচারী, সিএমপির একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বয় করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়ি থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার