সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা বাস্তবায়নে নগরীর জিইসি মোড়ের ইউনেস্কো সিটি সেন্টারসহ বিভিন্ন মার্কেটে তদারিক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকালের এ অভিযানে সরকার ঘোষিত বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য দোকান মালিকসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নগরীর জিইসি মোড় এবং সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৃথকভাবে এ সচেতনতামূলক এ অভিযান চালানো হয়েছে জানিয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ আরমানের নেতৃত্বে জিইসি মোড় সংলগ্ন ইউনেস্কো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে তদারকি অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার এবং শপিং ব্যাগ সুপার শপসহ আশেপাশের দোকানগুলোতে অপর একটি অভিযান চালানো হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের সচেতনতা ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।











