রাতে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক চবি ছাত্রদল নেতা

সাংগঠনিক পদ থেকে বহিষ্কার

চবি প্রতিনিধি | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গত শনিবার (২৩ মে) দিবাগত রাতে জোবরা গ্রামের চৌধুরী পুকুর ২ নম্বর সড়ক এলাকার কে.জে.এম টাওয়ার সংলগ্ন একটি ভবন থেকে স্থানীয়দের হাতে আটক হন আব্দুল্লাহ আল সাকিফ রহমান। অভিযোগ রয়েছে, ঘটনার পর নিজেকে আড়াল করতে বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়।

ঘটনার পর ‘মিডিয়া অব জোবরাফতেহপুর’ নামের একটি ফেসবুক পেইজে রাত আনুমানিক ২টার দিকে একটি পোস্ট করা হয়। পোস্টটিতে প্রথমদিকে সাকিফ রহমানের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে তা সম্পাদনা করে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২১২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজিফা তাসনিম প্রিয়ন্তীর নাম যুক্ত করা হয়।

তবে বিষয়টি ছড়িয়ে পড়লে আব্দুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন। রবিবার সকালে সিরাজগঞ্জে নিজ বাড়ির সামনে থেকে লাইভে এসে তিনি বলেন, ‘গত ২২ তারিখই আমি বন্ধুদের সঙ্গে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে এসেছি। এখনও বাড়িতেই আছি। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আমার নাম জড়ানো হয়েছে, এতে আমার মানহানি হচ্ছে।’

অন্যদিকে নাজিফা তাসনিম প্রিয়ন্তী ইতোমধ্যে ক্যাম্পাস ত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি এর আগে গত ৩ মে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর বার্তা পাঠানো এবং ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ এনেছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল সাকিফ রহমান ও মোহাম্মদ শামীম উদ্দিন দুজনই শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল সাকিফ রহমান বলেন, ‘(মেয়ে শিক্ষার্থী) সকালে বাড়ি যাওয়ার টিকিট কেটেছিল। আমরা কয়েকজন মিলে রাতে ঘুরাঘুরির পরিকল্পনা করি। পরে এলাকায় ঝামেলা হওয়ায় তাকে নিরাপত্তার জন্য বাসায় বসতে বলি। আমি গোসল করতে গেলে স্থানীয়রা দরজায় নক করে। দরজা খোলার পর তারা বিভিন্ন অভিযোগ তোলে। তখন আমার শরীরে কাপড় ছিল না কারণ আমি গোসল করছিলাম। পরে তারা আমাদের ল্যাপটপ, মানিব্যাগসহ বিভিন্ন জিনিস নিয়ে নেয় এবং আমাকে মারধর করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়কারী যেই হোক, ছাড় দেওয়া হবে না।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ কর্মদিবস থাকায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

এদিকে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন। একই সাথে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে শোকজ পত্র দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজোনটা ক্লাব অফ চিটাগং এর মানববন্ধন
পরবর্তী নিবন্ধচবি ছাত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ শিবির কর্মীর বিরুদ্ধে