মোহাম্মদ মাহফুজুল ইসলাম, হৃদয় ইসলাম ও ইমন আলীর ফিফটিতেও চট্টগ্রামের প্রথম ইনিংসের লিড টপকাতে পারেনি রাজশাহী দ্বিতীয় একাদশ। তিন ব্যাটারের লড়াইয়ে ৩০৪ রান পর্যন্ত যেতে পেরেছে রাজশাহী। তাতে প্রথম ইনিংসে ৬৭ রানের লিড পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২২ রান তুলে দিন শেষ করেছে দলটি। সব মিলিয়ে তাদের লিড এখন ৮৯ রান। ঢাকায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাজিদ হাসানকে হারায় রাজশাহী। এরপর ইমন আলীর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। ৭৫ বলে ১১ চার ও এক ছক্কায় ৬৯ রান করেন ইমন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। ১২৯ রানেই ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয় ও মাহফুজুল। ষষ্ঠ উইকেটে তাঁদের প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। হৃদয় ১৪৯ বলে ১০ চার ও এক ছক্কায় করেন ৭১ রান। অন্য প্রান্তে মাহফুজুল ১২০ বলে ৯ চার ও ২ ছক্কায় খেলেন ৮০ রানের ইনিংস। সবমিলিয়ে ৮৮ ওভারে ৩০৪ রানে অলআউট হয় তারা। চট্টগ্রামের হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন আবুল হাসনাত। শামীম মিঞার শিকার ৩ উইকেট। ৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম। সাদ্দাম হোসেন ১২ ও কফিল উদ্দিন ৬ রানে অপরাজিত আছেন।












