রাঙ্গুনিয়ায় সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবী প্রাণ ফেরাল কুলকুরমাই খালের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

ডেঙ্গুর থাবা থেকে জনপদকে রক্ষা আর পর্যটন সম্ভাবনার দুয়ার খুলতে এবার সরাসরি কোদাল হাতে ময়লার স্তূপে নেমে পড়েছেন চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। ‘বিডি ক্লিন’এর সাড়ে ছয় শোর বেশি তরুণ স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের অবহেলিত কুলকুরমাই খালে নেমে তিনি নিজেই ময়লা পরিষ্কারের কাজ শুরু করেন, যা মুহূর্তেই উপস্থিত জনতা ও তরুণদের মাঝে তুমুল উদ্দীপনা সৃষ্টি করে।

গত ১১ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ায় আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন। স্থানীয় মাদ্রাসা মাঠে শপথ পাঠের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিণী সামাঞ্জার খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

সরেজমিনে দেখা যায়, কারো হাতে কোদাল আর কারো হাতে ঝুড়ি নিয়ে খালের জমাট বাঁধা ময়লা সরাচ্ছেন। ঠিক এমন সময় বিডি ক্লিনের পোশাক পরিহিত অবস্থায় সরাসরি খালের পানিতে নেমে পড়েন এমপি হুমাম কাদের চৌধুরী। তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চারপাশের লোকজনকে অনুপ্রাণিত করে।

কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রধান উৎসই হলো এমন ময়লাআবর্জনাযুক্ত পানি। দেশের মানুষকে সুরক্ষা দিতে হলে খাল ও জলাশয় পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই।

আয়োজকরা জানান, ২০১৬ সাল থেকে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় কাজ করা বিডি ক্লিনের স্থানীয় টিম পরিদর্শনের পর চট্টগ্রাম বিভাগের ৫৬টি জেলার সাড়ে ৬ শতাধিক স্বেচ্ছাসেবী দিনব্যাপী এই অভিযানে অংশ নেন। দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার হওয়ায় খালের স্বাভাবিক পানির প্রবাহ ও সৌন্দর্য যেমন ফিরে এসেছে, তেমনি শস্যভাণ্ডার গুমাইবিলের কৃষকরাও এর সুফল পাবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ২৭২তম সিন্ডিকেট সভা