রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন তিনতলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা অফিস ও বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক এমরুল করিম রাশেদ। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক তথ্য ও সমপ্রচারমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় দুই কক্ষবিশিষ্ট অফিস কাম বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।










