রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ মুন্না বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় মো. ছফির ছেলে মোজাম্মেলকে (৪৫) একমাত্র আসামি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে বুধবার রাতে স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের জেঠাতো ভাই বাহাদুরের সাথে স্থানীয় মোজাম্মেলের একটি বিয়ের দেনাপাওনা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে মোজাম্মেল প্রকাশ্যে বাহাদুরকে প্রাণনাশের হুমকি দিলে নিহত মান্নান তার প্রতিবাদ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও ক্ষিপ্ত হয়ে ওঠে মোজাম্মেল।
পরবর্তীতে মান্নান ঘরে চা–নাস্তা খেয়ে বের হলে ওৎ পেতে থাকা মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী এগিয়ে এলে মুমূর্ষু অবস্থায় মান্নান মোজাম্মেল কর্তৃক আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ছেলের করা মামলায় একমাত্র আসামি হিসেবে মোজাম্মেলকে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।











