রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নির্মাণশ্রমিক অন্তর (২০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অন্তর চন্দ্রঘোনা কলাবাইজ্জে ঘোনা এলাকার সিএনজি টেক্সিচালক মো. টিটুর ছেলে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর ১টার দিকে বনগ্রাম এলাকার আবুল খায়ের কলোনিতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে। ওইদিন একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন অন্তর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বজলুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে ওই বৈদ্যুতিক লাইনটি পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। ঘটনার পর থেকে পিডিবির কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে ভবন মালিক হাবিবের মোবাইল নম্বরে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।










