আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাতে উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
রাতের দিকে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়াম চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়।
মিছিলটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে রোয়াজারহাট বাজারে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ভিপি আনছুর উদ্দিন। উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ–সভাপতি ফারুকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
দেশের শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।
কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











