রাঙ্গুনিয়ায় কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবল ও ভলিবল খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তরুণদের উদ্যম ও খেলাধুলায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, খেলাধুলার সময়টুকু হোক তারুণ্যের জীবনের অন্যতম সুখস্মৃতি। খেলা মাঠে গড়াক, আর তারুণ্য যেকোনো ধরনের নেতিবাচক আসক্তি থেকে দূরে থাকুক।
এদিকে মাঠের কার্যক্রমে উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা খেলাধুলা নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য মাঠটি সংস্কারের দাবি জানিয়ে একটি আবেদনপত্র তুলে দেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এসময় স্থানীয়রা মত প্রকাশ করে জানান, মাদক ও বিভিন্ন অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ এবং মাঠের যথাযথ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।










