রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে ভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান–উল–ইসলাম। উচ্ছেদ হওয়া ইটভাটাগুলো হল উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি), ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি–২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি–৩)। সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি–৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর এবং রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।








