অগ্রহায়ণের শুরুতে সোনালি আমন ঘরে তোলার প্রস্তুতির মধ্যেই টানা বৃষ্টি রাঙ্গুনিয়ার কৃষকদের মাঝে বাড়তি ব্যস্ততা ও শঙ্কা তৈরি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত বুধবার রাত ও বৃহস্পতিবারের পর শুক্রবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বর্তমানে জমিতে পানি না জমলেও বৃষ্টি দীর্ঘায়িত হলে পানি জমে ধানের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এর মধ্যেই বিলের কিছু কিছু পাকা জমির ধান ঢলে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার গুমাইবিল ঘুরে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সড়কের পাশে ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বিলের বিস্তীর্ণ এলাকায় পাকা ধানের সোনালী রঙের মাঝে কিছু কিছু জমির ধান বৃষ্টিতে হেলে পড়েছে। বিলের পাড়ে দাঁড়িয়ে অনেক কৃষককে আবহাওয়া ও ফসলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দেখা যায়। বাড়তি দামে শ্রমিক এনে দ্রুত পাকা ধান ঘরে তোলার চেষ্টায় এখন পুরোদমে মাঠে নেমেছেন তারা।
কৃষকদের ভাষ্য, মৌসুমের শুরু থেকে সার, বীজ, সেচের জ্বালানি তেল ও কৃষি শ্রমিকের বাড়তি মজুরির কারণে এবার উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে তিন বেলা খাবার ও দুই বেলা নাস্তা দেওয়ার পাশাপাশি একজন শ্রমিককে দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত মজুরি দিতে হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা–মাকড়ের আক্রমণ কম থাকায় ফলন বেশ ভালো হলেও কাটার ঠিক আগমুহূর্তের এই টানা বৃষ্টি ও উৎপাদন খরচের চাপ কৃষকদের ভাবিয়ে তুলেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমারের তথ্যমতে, স্থানীয় বাজারে বর্তমানে ১০ কেজির প্রতি আড়ি মোটা ধান ২২০ টাকা এবং চিকন ধান ২৬৫ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাহিদাসম্পন্ন সাদা পাজাম ধান প্রতি আড়ি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাঙ্গুনিয়ায় ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে গুমাইবিলেই আবাদ হয়েছে ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ পর্যন্ত উপজেলায় প্রায় ৩০ শতাংশ এবং গুমাইবিলে ১৫ থেকে ২০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। ব্রি ধান–৮৭, ব্রি ধান–১০৩, সাদা পাজাম ও কাটারী ভোগ জাতের এসব ধানে উফশী জাতে হেক্টরপ্রতি ৫.৬ থেকে ৬.২ মেট্রিক টন এবং হাইব্রিড জাতে ৬.৫ থেকে ৮.৭ মেট্রিক টন ফলনের হিসাব দিচ্ছে কৃষি বিভাগ।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, গুমাইবিলে যে সামান্য পরিমাণ পাকা ধান বৃষ্টিতে ঢলে পড়েছে, আপাতত নিচে পানি জমেনি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে পানি জমে ধানের ক্ষতি হতে পারে। ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়ায় শনিবার (আজ) থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। ফলে আবহাওয়া অনুকূলে ফিরলে কৃষকেরা নির্বিঘ্নে বাকি ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ মাঠে রয়েছে।












