রাঙ্গুনিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া অনুষ্ঠান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বল নিক্ষেপ, স্মৃতিশক্তি পরীক্ষা, যেমন খুশি তেমন সাজো, চেয়ার গেম আর বালিশ পাসের মতো নানা আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠেছিল প্রায় একশ শিশু। তবে এই প্রতিযোগিতার বিশেষত্ব ছিল ভিন্ন–মাঠে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা মিলেমিশে এক কাতারে খেলেছে। প্রত্যেক শিশুর বয়স, সক্ষমতা ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় খেলার নিয়ম ও উপকরণ সমন্বয় করায় কোনো জড়তা ছাড়াই সবাই সমান আনন্দে অংশ নেয়। গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ মাঠে ব্যতিক্রমী এই ‘অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের মধ্যে সমতা, বন্ধুত্ব ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড রাইটস’ এ আয়োজন করে। সংস্থাটির বাস্তবায়নাধীন ‘ম্যাপইনসিবিআর’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ আয়োজনে কারিগরি সহযোগিতা দেয় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট এবং অর্থায়ন করে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা লিলিয়ান ফন্ডস। খেলাধুলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ হাসান। এওয়াক–এর রাঙ্গুনিয়া প্রকল্প সমন্বয়কারী মো. আছাফুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিবিআর ফ্যাসিলিটেটর তাপস চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জগলুল হুদা ও এওয়াক–এর সহকারী সমন্বয়কারী সমীর বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সিআরসি সদস্য, ইমপ্যাক্ট ও ইয়ুথ গ্রুপের সদস্যসহ এওয়াক–এর সিবিআর কর্মকর্তা রাশেদ জোহাইর, জোবেদা খাতুন, ফ্যাসিলিটেটর তামান্না আক্তার, ফিল্ড ট্রেইনার নাজনীন আরা, প্রশাসনিক কর্মকর্তা রমিজ রেজা এবং সিবিআর ইন্টার্নরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবির হীরকজয়ন্তী উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধরাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলে সাব্বির-আফিফ