চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপজেলা যুবলীগের সদ্য সাবেক সিনিয়র সহ–সভাপতি বদউল খায়ের লিটন চৌধুরীকে সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউনুচকে অপরিবর্তিত রাখা হয়েছে।
গতকাল শনিবার উপজেলা যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি ঘোষণা ছাড়াই দ্বিতীয় অধিবেশন শেষ করা হয়। তবে একইদিন রাত ১১টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। এর আগে দীর্ঘ প্রায় সাত বছর পর এদিন বিকালে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।













