রাউজানে ৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

রাউজান প্রতিনিধি | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন সাখাওয়াত হোসেন (১১) নামে চতুর্থ শ্রেণীর ছাত্র। বৃস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। সাখাওয়াত রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়জিষপুর গ্রামের নাছির আহমদ বাড়ির মোক্তার হোসেনের ছেলে।

সে ওই ইউনিয়নের রহমত আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সাখাওয়াতের বাবা মোক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার খেলার মাঠ থেকে ফিরে কাউকে কিছু না বলে সন্ধ্যায় ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে শুক্রবার ১৯ জুন রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

সাখাওয়াতের মা জেসমিন আকতার বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ভাত খেয়ে খেলতে বের হয়েছিল। সেখান থেকে ফিরেছিল। সন্ধ্যায় ঘর থেকে হঠাৎ উধাও হয়ে যায়। আমরা চারদিকে খোঁজাখুঁজি করেও পাচ্ছি না। কখনো রাউজান, কখনো হাটহাজারী ঘুরে বেড়াচ্ছি। বর্তমানে ছেলের সন্ধানে চট্টগ্রাম নগরীতে আছি। আমার ছেলেকে খুঁজে বের করে দেন। শাখাওয়াতের গায়ের রং শ্যামলা, পরনে ছিল হাফ হাতা টি-শার্ট, হাফ প্যান্ট।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জিডি করার পর থেকে শিশুটির সন্ধান পাওয়ার জন্য পুলিশ কাজ করছে। অনেক সময় শিশুরা আত্মগোপনে থাকে, সেক্ষেত্রে খুঁজে বের করা কষ্ট হয়ে যায়। আমরা সবাই কাজ করছি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পরবর্তী নিবন্ধফাইতংয়ে একরাতে ৪ বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ