বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৬:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু তাহের (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের সফুরের দোকান এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে মানসিক ভারসাম্যহীন আবু তাহেরকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। দুর্ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আবু তাহের উপজেলার বাহারচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা এবং আমিনুল হকের পুত্র।

এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটো রিক্সাচালক নিহত
পরবর্তী নিবন্ধরাউজানে ৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ