রমজানে কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও পাবেন টিসিবির পণ্য

বিক্রি হবে ছোলা খেজুর তেল ডাল চিনি

শুকলাল দাশ | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

আসন্ন রমজানে টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ক্রেতাদের জন্যও ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) পরিকল্পনা নিয়েছে সরকার। টিসিবির স্মার্ট কার্ডধারীরা সারা বছর (প্রত্যেক মাসের শুরু থেকে) টিসিবির নিত্যপণ্য সামগ্রী পেয়ে থাকেন। কার্ডবিহীন সাধারণ ক্রেতাদের জন্য বছরের বিভিন্ন সময়ে ট্রাকে করে নিত্যপণ্য বিক্রি করে। বিশেষ করে পবিত্র রমজান এবং ঈদুল আজহার সময় ট্রাকে করে সাধারণ ক্রেতাদের মাঝে খোলাবাজারে পণ্য বিক্রি করে টিসিবি। রমজানে সারা দেশে ৫২০টি ট্রাকে কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের সাশ্রয়ী দামে নিত্যপণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম মহানগরী ও জেলায় মিলে টিসিবির স্মার্ট কার্ডধারী ৩ লাখের বেশি পরিবার সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের নিত্যপণ্য সরবরাহ করছে। এর মধ্যে নগরীতে ১ লাখ ৩০ হাজারের বেশি স্মার্ট কার্ডধারী পরিবার প্রতি মাসে টিসিবির পণ্য পাচ্ছেন। অবশিষ্ট স্মার্ট কার্ডগুলো উপজেলার। রমজানে স্মার্ট কার্ডধারীদের বাইরে সাধারণ ক্রেতারাও যাতে সরকারের ন্যায্যমূল্যের নিত্যপণ্য পান এজন্য ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। এ লক্ষ্যে সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি। গত রমজানে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০টি।

টিসিবি প্রধান কার্যালয়ের উপ–পরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন গতকাল আজাদীকে জানান, আসন্ন রমজানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়াতে সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। রমজান শুরুর দুই–তিন আগে থেকে এই কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, স্মার্ট কার্ডধারী পরিবারের বাইরে থাকা সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোজ্যতেল, মসুর ডাল, চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকবে। চট্টগ্রামেও ট্রাকে করে টিসিবির ওএমএস কার্যক্রম চলবে। গতবার যতটি ট্রাকে খোলা বাজারে পণ্য বিক্রি করা হয়েছে এবারও সেই পরিমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে বলে জানান তিনি।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর রমজানে নগরীতে ২০টি ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রি করেছিল টিসিবি। এবারও ২০টি ট্রাকে করে রমজান শুরুর আগে থেকে খোলা ট্রাকে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রিকালে সাধারণ ক্রেতাদের প্রচুর ভিড় দেখা যায়। প্রতিটি ট্রাকে পণ্যের তুলনায় ক্রেতাদের ভিড় থাকে ৩–৪ গুণ বেশি। বাজারমূল্যের চেয়ে টিসিবির ট্রাকে কম দামে এসব নিত্যপণ্য পাওয়ার কারণে ট্রাকসেল শুরু হলে ক্রেতাদের ভিড় বেড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে চলে গেলেন আরো এক নারী