রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপ ২ অক্টোবর শুরু

স্কুলে ৩২, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশ নিচ্ছে ২৪ প্রতিষ্ঠান

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর। এবারের আয়োজনটি হচ্ছে ৩১তম আন্তঃস্কুল ও ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার স্কুল পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারাদেশের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিতর্ক ক্লাব অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতা উপলক্ষে গতকাল মঙ্গলবার অংশগ্রহণকারী স্কুলগুলোর মডারেটরদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ–সভাপতি বৃজেট ডায়েস। সভায় বক্তব্য দেন দৃষ্টির সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ডা. ইয়াসিন সাকিব, সহ–সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির। সভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষক ও মডারেটর অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, আগামী ২ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকরা অংশ নেবেন। ২ অক্টোবর সকালে প্রতিযোগিতা উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অতিথি থাকবেন রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং কর্পোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন, পণ্যে ক্ষতিকর রং মিশ্রণ
পরবর্তী নিবন্ধহৃদরোগ নিবারণে প্রয়োজন সমন্বিত কর্ম পদ্ধতি গ্রহণ ও তার বাস্তবভিত্তিক প্রয়োগ