দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মানসিক চাপ নিয়ে সামরিক বাহিনীর সদস্যদের পরিবার ও কংগ্রেস সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। খবর বিডিনিউজের।
ইরান যুদ্ধের কারণে রণতরীর পাঁচ হাজার নাবিক ও সেনা মাসের পর মাস সমুদ্রে অবস্থান করছে। এ পরিস্থিতিতে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। দু’টি সামনের সারির বিশেষ সামরিক পত্রিকা নেভি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপসের খবরে বলা হয়, তরীর ভেতরের শোচনীয় পরিবেশ এবং মানসিক চাপের কারণে নাবিকরা কয়েকবার সেখান থেকে সাগরে লাফিয়ে পড়ার চেষ্টা করেছেন। রণতরীটি প্রায় ৯ মাস ধরে সাগরে অবস্থান করছে। দীর্ঘ সময়ে কোনও স্বাভাবিক বন্দর বিরতি বা মাটিতে পা রাখার সুযোগ পাননি এর হাজার হাজার নাবিক ও মেরিন সেনা। তরীটি টানা ২৫০ দিনের বেশি তীরে না ভিড়ে সমুদ্রে ছিল, যা আধুনিক সময়ে কোনও মার্কিন বিমানবাহী রণতরীর জন্য রেকর্ড বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা।











